৩০ জুলাই, ২০১৬ সালে প্রকাশিত আলোচনাটি পড়ার জন্য আনন্দবাজার পত্রিকায় ক্লিক করুন।
‘শ্রাবণ দেখা যায়,/ শ্যামলপর্ব পেরিয়ে যাওয়ার পর/ শ্রাবণের শ্রাবণতাটুকু দেখা যায় শুধু’— এ রকমই কণ্ঠস্বর বা লিখনভঙ্গি স্বর্ণেন্দু সেনগুপ্তর। ৬৪ পাতার কাব্যগ্রন্থ, পেপারব্যাক, বইটির চারটি পর্বে ভাগ। ‘সামান্যকে জানার ইচ্ছে’, ‘বেড়াল, এরকম একটি ধারণা’, ‘পিতার জন্ম হয়’, ‘হে আকাশ রেবতীভূষণ’। সব নামই চূড়ান্ত লিরিকাল। অবশ্য বইয়ের নামও পিতার জন্ম হয় (মনফকিরা, ৭০.০০)। প্রায় প্রতিটি কবিতারই ধরতাই চমৎকার। যেমন ৪/৬ কবিতাটি— ‘যেটুকু ভ্রমণ আজ, ডালিয়াকলোনি ছুঁয়ে, ফিরে আসে অবাক স্মরণ/ অজন্তা গাছের নিচে, জীবন ফুরিয়ে যায়, এমনই লিখেছে যারা’। অক্ষরবৃত্তের স্বাদু ব্যবহার। স্বর্ণেন্দু জানেন কবিতায় কী ভাবে কথা বলতে হয়। তিনি যে বাংলা কবিতার পূর্বজদের সার্থক উত্তরসূরি, তার স্বাক্ষর এই তিনটি লাইনে— ‘বেড়াল, এরকম একটি ধারণা/ সারাসকাল হয়ে সারাবিকাল/ ধারণাটি ঘুরেফিরে আসে’।

No comments:
Post a Comment