কবিতা : স্বর্ণেন্দু সেনগুপ্ত।
বর্ষার প্রবলনূপুরে...
বর্ষার প্রবলনূপুরে এসে বসে আছে একখানি কাক, ভিজে গেছে তার এই বসে থাকাটুকু। অনেক অতীত থেকে তার ডাক মাঠের গভীরে বেজে ওঠে, বৃষ্টি পড়ার ফাঁকে ফাঁকে। কেউ ভাবে মানুষের অনুভূতি ভিজে গেলে স্বচ্ছ হয়, মাঠগুলি ভিজে যায় মাঠের ভিতরে। তবু বাতাসের গন্ধটুকু রয়ে গেছে, কাকগুলি রয়ে গেছে বিকেলের ভীষণ আকাশে, দেখা যায়। দৃশ্যের গভীর থেকে বেরিয়ে এসেছে তারা, তাদের অদৃশ্যজুড়ে, বৃষ্টিনূপুরগুলি বেজে বেজে ওঠে।
শুক্রবারের পাশ দিয়ে, নির্ভুল রৌদ্রের পাশ দিয়ে, ছায়াগুলি উড়ে যাবে আজ। শরীরের থেকে বেরিয়ে এসেছে তারা, শরীরের ছায়া হয়ে। রৌদ্রের একপাশে পড়ে আছে বেবিফুড, ছায়াখানি উড়ে গেছে কবে। বিজ্ঞাপণের শিশু ঘুমের আবেশে হেসে ওঠে, অনুরোধের আসরে আসরে। কার হাসি কার মুখে ফুটে ওঠে, ঘুম নয়, ঘুমকাক ভোরের স্বপ্নে আজ উড়ে যেতে থাকে।
No comments:
Post a Comment